বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২৬, আবেদন শুরু ১৩ অক্টোবর

Sharmin Sultana Sharmin Sultana ১২ অক্টোবর ২০২৬, ৪:২০ PM BST ১০৭ বার পঠিত
বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ ২০২৬, আবেদন শুরু ১৩ অক্টোবর

collected

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। বয়সের ক্ষেত্রে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বয়স-সংক্রান্ত শর্ত ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ ও নারী প্রার্থীদের জন্য উচ্চতার পৃথক শর্ত নির্ধারণ করা হয়েছে। সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।

নারী প্রার্থীদের মধ্যে সাধারণ কোটায় আবেদনকারীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। অন্যদিকে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫ ফুট ২ ইঞ্চি।

বুকের মাপের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। নারী প্রার্থীদের জন্য বুকের মাপের বিষয়ে কোনো নির্দেশনা উল্লেখ করা হয়নি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর। আবেদনপত্রে মিথ্যা, ভুল বা ভুয়া তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল হতে পারে। নিয়োগ পাওয়ার পরও জমা দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে সঠিক তথ্য দিয়ে ফরম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করার পাশাপাশি আবেদন ফি পরিশোধের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: