চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের চাকরি, আবেদন শুরু ৮ নভেম্বর

Sharmin Sultana Sharmin Sultana ২৭ অক্টোবর ২০২৬, ৩:১৩ PM BST ৩১ বার পঠিত
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৩৯৩ জনের চাকরি, আবেদন শুরু ৮ নভেম্বর

collected

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ২২টি স্থায়ী পদে ৩৯৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত এসব পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আগামী ৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ

নিয়োগে সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে নিরাপত্তারক্ষী পদে। এ পদে নিয়োগ পাবেন ১০২ জন। এ ছাড়া নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৮০ জন, খালাসি পদে ৬০ জন, লস্কর পদে ৫৫ জন, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অডিটর পদে ২০ জন এবং গ্রিজার পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে।

অন্যান্য পদের মধ্যে রয়েছে পারসোনেল অফিসার বা সহকারী সচিব, সহকারী ম্যানেজার (এস্টেট), সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, লাইটিং অফিসার, সহকারী পরিদর্শক (ক্রাফটস), ইঞ্জিনচালক, ইলেকট্রিশিয়ান, ল্যান্ড সার্ভেয়ার, ওয়ার্ড কিপার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টুয়ার্ড, অফিস সহকারী, সহকারী সাব-ইন্সপেক্টর ও ভান্ডারি। সব মিলিয়ে ২২টি পদে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।

বেতন ও সুযোগ-সুবিধা

পদ ও গ্রেড অনুযায়ী জাতীয় বেতনস্কেল অনুসারে বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতনসীমা ২০ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত।

পারসোনেল অফিসার বা সহকারী সচিব এবং সহকারী ম্যানেজার (এস্টেট) পদে বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং লাইটিং অফিসার পদে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তারক্ষী, খালাসি ও ভান্ডারি পদে বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য কারিগরি শিক্ষা, নির্দিষ্ট ট্রেড কোর্স বা কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। অধিকাংশ পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে প্রথম শ্রেণির ইঞ্জিনচালক পদে বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং দ্বিতীয় শ্রেণির ইঞ্জিনচালক পদে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সহকারী সাব-ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদে আবেদনকারীদের নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে। এসব পদের জন্য উচ্চতা ও বুকের মাপসংক্রান্ত শর্তের পাশাপাশি সাঁতার জানাও বাধ্যতামূলক।

আবেদন ফি ও সময়সীমা

পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। প্রথম থেকে তৃতীয় পদের জন্য ২০০ টাকা, চতুর্থ থেকে ষষ্ঠ পদের জন্য ১৫০ টাকা, সপ্তম থেকে ১৭তম পদের জন্য ১০০ টাকা এবং ১৮তম থেকে ২২তম পদের জন্য ৫০ টাকা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন করার ওয়েবসাইট: https://cpadigital.gov.bd/jobs

আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কারিগরি দক্ষতা, শারীরিক শর্ত এবং ফি সম্পর্কে মূল নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করে নেওয়া জরুরি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: