বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১০৮ পদে নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ১১ অক্টোবর ২০২৬, ১২:০৮ PM BST ১৬৮ বার পঠিত
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১০৮ পদে নিয়োগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

collected

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক ও বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক ও কর্মচারী—এই দুই ক্যাটাগরিতে নিয়মিত ভিত্তিতে মোট ১০৮ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

চিকিৎসক ক্যাটাগরিতে চার ধরনের পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন) পদে ৩৫ জন, আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু সার্জারি) পদে ৯ জন, আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া) পদে ৫ জন এবং আবাসিক মেডিক্যাল অফিসার (ইএনটি) পদে একজন নিয়োগ দেওয়া হবে। এসব পদ নবম গ্রেডের। বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

চিকিৎসক পদগুলোতে আবেদনের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। চিকিৎসক পদে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। তবে ডিসিএইচ, এমডি, এমএস ও এফসিপিএসের মতো উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য। এসব পদের আবেদনপত্রের সঙ্গে পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে দুই হাজার টাকার অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

কর্মচারী ক্যাটাগরিতে ওয়ার্ড বয়/আয়া পদে ৩৩ জন, পিয়ন (অফিস সহায়ক) পদে ১০ জন এবং অ্যাটেনডেন্ট (ওটি, এক্স-রে, ল্যাব ও কার্ডিয়াক) পদে ২৫ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ ২০তম গ্রেডের। বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

কর্মচারী পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে। ওয়ার্ড বয়/আয়া পদে সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাটেনডেন্ট পদে একই ধরনের কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিয়ন পদে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। একই ধরনের প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকলে ওয়ার্ড বয়/আয়া এবং অ্যাটেনডেন্ট পদেও অগ্রাধিকার দেওয়া হবে। কর্মচারী পদে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

আবেদন করতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে বিএমডিসি নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং নির্ধারিত ফির পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র আগামী ১৭ অক্টোবরের মধ্যে অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর আবেদন করা পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: