বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ে দুদকের অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগ

Sharmin Sultana Sharmin Sultana ৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৪ PM BST ১৬ বার পঠিত
বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ে দুদকের অভিযান, ঘুষ নেওয়ার অভিযোগ

Picture : Internet

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

দুদক সূত্রে জানা গেছে, বিআরটিএর বিভিন্ন সেবা একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, রুট পারমিট, গাড়ির নিবন্ধন, ফিটনেস সনদ, মালিকানা পরিবর্তন ও ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত অতিরিক্ত অর্থ নেওয়া হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, এসব অনিয়মের মাধ্যমে প্রতি মাসে প্রায় এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়। এ অনিয়ম-দুর্নীতির সঙ্গে বিআরটিএর বিভিন্ন কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ থাকার অভিযোগও রয়েছে।

দুদক সূত্র আরও জানায়, ইকুরিয়া কার্যালয়ে সেবার ধরন অনুযায়ী সেবাপ্রত্যাশীদের কাছ থেকে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কার্যালয়ের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং একটি ট্রাকস্ট্যান্ড থেকে নিয়মিত মাসিক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।

এক সাবেক কর্মচারীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তিনি বিআরটিএ কার্যালয়ের একটি কক্ষ নিজেদের নিয়ন্ত্রণে রেখে দালাল চক্র পরিচালনা করছেন। তাঁর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য সংগ্রহের জন্য দুদকের এনফোর্সমেন্ট দল অভিযান পরিচালনা করেছে। অভিযানে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: