বিদ্যুৎকেন্দ্রে একের পর এক ত্রুটি, ‘স্যাবোটাজের’ আশঙ্কা রিজভীর

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ PM BST ২৪ বার পঠিত
বিদ্যুৎকেন্দ্রে একের পর এক ত্রুটি, ‘স্যাবোটাজের’ আশঙ্কা রিজভীর

collected

দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে একের পর এক কারিগরি ত্রুটির ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিদ্যুৎকেন্দ্রগুলোর এসব ঘটনা ‘স্যাবোটাজ’ কি না, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। সার্বিক পরিস্থিতি দেখে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ১২–দলীয় জোট এ সভার আয়োজন করে।

দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, দেশে গ্যাসের সংকট রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না থাকায় জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ছে। পাশাপাশি মহেশখালীতে রিগ্যাসিফিকেশন কার্যক্রমেও কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।

তবে সংকট মোকাবিলায় সরকার কাজ করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডসহ নানা ধরনের সহায়তা কার্যক্রমও চালু করা হচ্ছে।

ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কার কথা উল্লেখ করে রিজভী বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আবারও খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ছয় মাসে এক হাজার কিলোমিটার খাল খনন করা হয়েছে বলেও জানান তিনি।

রিজভীর বক্তব্য, এসব কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

আওয়ামী লীগের প্রসঙ্গ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নিষিদ্ধ রাজনৈতিক শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। অতীতে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে গণতন্ত্রকামী মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। তবে মতপ্রকাশের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা উচিত নয়।

ইসলামি উত্তরাধিকার আইন নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন রিজভী। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই সন্তানেরা মা-বাবার যথাযথ খোঁজখবর রাখেন না। এ বিষয়ে যে আইন করা হয়েছে, তা সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই হয়েছে বলে তিনি দাবি করেন।

গঠনমূলক সমালোচনার আহ্বান

সভায় সভাপতির বক্তব্যে ১২–দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরতে গঠনমূলক সমালোচনা করা হবে। তবে বর্তমান বিরোধী দল দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহিউদ্দিন ইকরাম, মো. শামসুদ্দিন পারভেজ, আহসান হাবিব লিংকন, মাওলানা আবদুল করিম, কারি আবু তাহের, আমিনুল ইসলাম, এম এ বাশার ও ফিরোজ মোহাম্মদ লিটনসহ অনেকে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: