collected
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি দলের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্রের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পাশে বসে বক্তব্য দেওয়ার সময় একাধিকবার আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা আব্বাস। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সময়ে দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত তাঁর খোঁজখবর রেখেছেন বলেও জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, একজন কর্মী দলের নেতাদের কাছ থেকে যে আচরণ প্রত্যাশা করেন—নেতারা খোঁজখবর রাখবেন, ভালোবাসবেন, বিপদের সময় পাশে দাঁড়াবেন কিংবা সমবেদনা জানাবেন—তিনি সেটিই পেয়েছেন।
দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও আরও ষড়যন্ত্র হতে পারে। দলের কিছু নেতা-কর্মীর কর্মকাণ্ডের কারণে সংগঠনের বদনাম হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, তাদের সময়ের নেতা-কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে থেকে রাজনীতি করেছেন এবং রাজনীতির শিক্ষা নিয়েছেন। তাদের সময় অল্প কয়েকজন ছাড়া অন্য কারও কর্মকাণ্ডে দলের বদনাম হয়নি বলেও দাবি করেন তিনি।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং খালেদা জিয়ার কারাবাস ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে মির্জা আব্বাস বলেন, দলের নেতা-কর্মীরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কারাভোগ করেছেন। এরপরও দল টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি ভেঙে যাওয়ার জন্য বা বিলীন হওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি। কোনো ব্যক্তি বা কয়েকজন নেতা-কর্মীর কর্মকাণ্ডের কারণে পুরো দলের বদনাম হতে পারে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহসহ যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের অন্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।