চাকরি হারানোর ৬ মাস পর কাজ পেলেন ভারতীয় পেশাজীবী, দিলেন ৬ পরামর্শ

Sharmin Sultana Sharmin Sultana ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ AM BST ৪৩ বার পঠিত
চাকরি হারানোর ৬ মাস পর কাজ পেলেন ভারতীয় পেশাজীবী, দিলেন ৬ পরামর্শ

collected

চাকরি হারানোর ছয় মাস পর নতুন কাজ পেয়েছেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ভারতের এক মার্কেট রিসার্চ অ্যানালিস্ট। দীর্ঘ সময় চাকরি খোঁজার অভিজ্ঞতা থেকে তিনি ছয়টি শিক্ষা তুলে ধরেছেন, যা বেকার অবস্থায় থাকা অন্য পেশাজীবীদের কাজে আসতে পারে।

ওই পেশাজীবীর প্রকৃত নাম প্রকাশ করা হয়নি। ‘Puzzleheaded_End_746’ ব্যবহারকারী নামে তিনি রেডিটের ‘IndianWorkplace’ ফোরামে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁর পোস্টের ভিত্তিতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদন প্রকাশ করেছে।

চাকরি হারানোর পর পরিস্থিতি গোপন না রেখে পরিবারের অন্তত একজন সদস্যকে বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, পরিবারের সদস্য সরাসরি চাকরি খুঁজে দিতে না পারলেও কঠিন সময়ে মানসিকভাবে পাশে থাকা গুরুত্বপূর্ণ। এতে একাকিত্ব কমে এবং কঠিন সময় মোকাবিলায় সহায়তা পাওয়া যায়।

চাকরি খোঁজার ক্ষেত্রে শুধু অনলাইন প্ল্যাটফর্মে আবেদন না করে নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি। পরিচিত ব্যক্তিদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী বা নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ তৈরি করা চাকরির সুযোগ খুঁজতে সহায়ক হতে পারে বলে নিজের অভিজ্ঞতায় উল্লেখ করেছেন। পাশাপাশি বেকার সময়টিতে ফ্রিল্যান্স কাজ বা ছোট প্রকল্পে যুক্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এতে নিয়মিত কাজের সঙ্গে যুক্ত থাকার অনুভূতি বজায় থাকে এবং দক্ষতাও চর্চার মধ্যে থাকে।

জীবনবৃত্তান্ত তৈরি ও চাকরির আবেদন প্রস্তুত করতে এআই ব্যবহারের পরামর্শও দিয়েছেন ওই পেশাজীবী। তবে এআইয়ের তৈরি লেখা সরাসরি ব্যবহার না করে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে মিলিয়ে তা সংশোধন করার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

বেতন নিয়ে দর-কষাকষির ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। দীর্ঘদিন বেকার থাকার কারণে অনেক চাকরিপ্রার্থী কম বেতনের প্রস্তাব গ্রহণ করতে বাধ্য বোধ করতে পারেন। তাঁর ব্যক্তিগত পরামর্শ হলো, পরিস্থিতি অনুকূলে থাকলে বেতন কমানোর পরিমাণ ৫ থেকে ১০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করা। সবশেষে চাকরি খোঁজাকে নিয়মিত কাজের মতো বিবেচনা করে নির্দিষ্ট সময় ও পরিকল্পনা অনুযায়ী আবেদন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, প্রত্যাখ্যান থেকে শিক্ষা নিয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: