collected
এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়ে যাবে—এমন পরিস্থিতিতে বিএনপির কর্মীদের ঘরে ঘরে হাহাকার শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমেদ বলেন, বিএনপির প্রতিটি কর্মীর ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়েছে। এ প্রসঙ্গে তিনি সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভকে নিয়ে একটি উদাহরণ তুলে ধরেন। তার ভাষ্য, ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কায় ক্ষমতাসীনদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে।
তিনি বলেন, ক্ষমতা থেকে সরে গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে—এমন আশঙ্কা থেকেই বিএনপির মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।
অলি আহমেদ আরও বলেন, “তারেকের যে সরকার এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার।” একই সঙ্গে তিনি তারেক রহমান ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা দেশকে সঠিক পথে আনার জন্যই লংমার্চ করছি। কোনো মুনাফেকের কথায় আপনারা বিপথগামী হবেন না।”
সমাবেশে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের কর্মসূচি ও রাজনৈতিক দাবির বিভিন্ন দিক নিয়েও বক্তব্য দেন জোটের নেতারা।