collected
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরে জড়ো হন। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে গিয়ে মিছিল শেষ করেন।
এ সময় শিক্ষার্থীরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীরা জানান, তাদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের কারণে আন্দোলন বন্ধ হবে না বলে তারা জানান।
উপাচার্য পুনর্বহালের দাবিতে সোমবার সপ্তম দিনের মতো শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করেন। এর আগে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। পরে ২১ সেপ্টেম্বর তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মধ্যে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।