collected
জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে সরকার কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে চলমান আন্দোলন এক দফার পতন আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ও ন্যায়সঙ্গত দাবি আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশবাসী তাদের অধিকার রক্ষায় প্রয়োজনে রুখে দাঁড়াতে জানে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্যেই রাজপথে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান জামায়াতে ইসলামীর আমির।
দেশে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো মূল্যে এসব অনিয়ম বন্ধ করতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।
সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু হয়। এ সময় দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।