ছবি: সংগৃহীত
জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’-এর গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সাত দিন ধরে হাসপাতালে থাকার কথা জানিয়েছেন তিনি। ডেঙ্গুর পাশাপাশি ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শারীরিক অবস্থার কথা জানিয়ে শোয়েব লেখেন, ‘অবস্থা ভয়ানক। জানি না কবে বাসায় যেতে পারব। দোয়া রাইখেন।’
অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শোয়েবের দাবি, ২০১১ সালে নিকেতনে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করার পর নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে কাজ করে গেলেও সময়মতো পারিশ্রমিক বুঝে নেওয়ার ক্ষেত্রে তাঁর সরলতার সুযোগ নেওয়া হয়েছে।
তার দাবি, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিজ্ঞাপনচিত্র, টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ ও সিনেমার সাউন্ড এবং সংগীতের কাজ বাবদ তাঁর পাওনা অর্থের পরিমাণ ৫০ লাখ টাকার কম নয়।
বর্তমান আর্থিক পরিস্থিতি তুলে ধরে শোয়েব জানান, চিকিৎসার খরচ চালাতে মায়ের জমানো সঞ্চয়পত্র ভাঙতে হচ্ছে। একই সঙ্গে স্টুডিও আপগ্রেডের খরচের কথাও উল্লেখ করে তিনি সংগীত ও বিনোদন অঙ্গনে শিল্পীদের আর্থিক বাস্তবতা নিয়ে আক্ষেপ করেন।
বকেয়া পারিশ্রমিক পরিশোধের জন্য সংশ্লিষ্টদের অক্টোবরের শুরু পর্যন্ত সময় দিয়েছেন শোয়েব। তবে আপাতত কারও নাম প্রকাশ করেননি তিনি। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন এই গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার।
রাশিদ শরীফ শোয়েব ‘হাওয়া’, ‘স্বপ্নজাল’ ও ‘রইদ’-এর মতো আলোচিত সিনেমার সাউন্ড ও সংগীতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সংগীতচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করছেন তিনি।