collected
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলকে কেন্দ্র করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
কাউন্সিলে সারা দেশ থেকে আসা নেতাদের সরাসরি ভোটে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।
ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় এ ভোট নেওয়া হবে।
ভোটগ্রহণ শেষে একই স্থানে বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।
কাউন্সিল উপলক্ষে বিকেল ৫টায় একটি শোভাযাত্রা বের করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে ব্যান্ড আর্ক হাসান, র্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
কাউন্সিলকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী নেতাকর্মীদের উপস্থিতি এবং বিভিন্ন কর্মসূচি থাকবে বলে জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।