অভিনেত্রী মিমি চক্রবর্তী।
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। তাঁর কথিত হবু বর সিদ্ধার্থ পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মিমি ও সিদ্ধার্থ বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন। তবে নিজেদের সম্পর্কের বিষয়টি এত দিন গোপনই রেখেছেন তারা। মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে, ডিসেম্বরের বিয়েকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কাজও চলছে বলে দাবি করা হয়েছে।
তবে বিয়ের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি চক্রবর্তী কিংবা সিদ্ধার্থ। ফলে এখন পর্যন্ত বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সূত্রনির্ভর তথ্যের মধ্যেই সীমাবদ্ধ।
মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও কোনো সম্পর্কের বিষয়েই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। বরং নিজের ক্যারিয়ারকেই বরাবর গুরুত্ব দিয়েছেন তিনি।
এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ রয়েছে তাঁর হাতে। এর মধ্যেই বিয়ের খবর সামনে আসায় অভিনেত্রীর ভক্তদের আগ্রহও বেড়েছে।