collected
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে কেউ ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের ছুটি পাওয়ার সুযোগ রয়েছে।
তবে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ ছুটি নেই। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও এ উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয়ে কি ছুটি থাকবে?
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির বিষয়টি স্বতন্ত্র। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
কোনো বিশ্ববিদ্যালয় দিবসটিতে ছুটি ঘোষণা করতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও চলতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রকাশিত ছুটির নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।