collected
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বিভিন্ন স্কুল ও অনুষদের অধীনে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা এসব প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
বিভিন্ন স্কুল ও অনুষদে একাধিক বিষয়ে এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে। এর মধ্যে স্কুল অব এডুকেশনে শিক্ষাবিজ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণ, ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষণ, সামাজিক বিজ্ঞান শিক্ষণ এবং বিজ্ঞান ও গণিত শিক্ষণ বিষয়ে ভর্তি নেওয়া হবে।
সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি বিষয়ে আবেদন করা যাবে।
ওপেন স্কুলে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, ইংরেজি, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং উন্মুক্ত ও দূরশিক্ষণ বিষয়ে প্রোগ্রাম রয়েছে।
এ ছাড়া স্কুল অব বিজনেসে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিকস, ফাইন্যান্স ও মার্কেটিং এবং কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলে কৃষিতত্ত্ব, কীটতত্ত্ব, সেচ ও পানি ব্যবস্থাপনা, অ্যাকুয়াকালচার, পোলট্রি সায়েন্স ও কৃষি পরিবেশ বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে।
স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বায়ো অ্যাকটিভ ন্যাচারাল প্রোডাক্টস, ডায়েট অ্যান্ড ডিজিস, ফুড সেফটি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে আবেদন করা যাবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে এআই ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশনস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস (এলএলএম) অ্যান্ড জেনারেটিভ এআই এবং ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রেসপনসিবল এআই বিষয়ও রয়েছে।
ভর্তির ন্যূনতম যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বাউবির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
প্রার্থীর এসএসসি বা সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ দ্বিতীয় বিভাগ অথবা ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫ এবং ৪-এর মধ্যে ন্যূনতম ৩ সিজিপিএ থাকতে হবে।
স্বাস্থ্য পেশাজীবী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্যসম্পর্কিত পেশাগত ডিগ্রিতে পাস মার্ক থাকতে হবে। এ ছাড়া এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য রাখা হয়েছে।
আবেদন ফি
এমফিল প্রোগ্রামের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২ হাজার টাকা। জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখায় এ ফি জমা দেওয়া যাবে।
আবেদনপ্রক্রিয়া
নির্ধারিত আবেদনপত্র কম্পিউটারে কম্পোজ করে জমা দিতে হবে। হাতে লেখা আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের সঙ্গে বাউবির নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করা গবেষণা প্রস্তাবের এক কপি জমা দিতে হবে। এতে প্রস্তাবিত গবেষণা তত্ত্বাবধায়ক এবং প্রযোজ্য ক্ষেত্রে সহ-তত্ত্বাবধায়কের স্বাক্ষর থাকতে হবে।
এ ছাড়া সব একাডেমিক নম্বরপত্র ও সনদের সত্যায়িত অনুলিপি, পিয়ার রিভিউড স্বীকৃত গবেষণা জার্নালে প্রকাশিত প্রবন্ধের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ব্যাংকে টাকা জমার মূল রসিদ এবং জীবনবৃত্তান্ত বা সিভি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় ও ঠিকানা
আবেদন প্রেরণের শেষ সময় ২ নভেম্বর ২০২৬। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পরে পাওয়া আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদন সংশ্লিষ্ট স্কুলের কার্যালয়ে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১২৫৫১৫৯৭ ও ০১৯২৬০০১৭৪৩ নম্বরে যোগাযোগ করা যাবে।