collected
এমপিওভুক্ত কলেজে কর্মরত পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়ার দাবির বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কলেজ পর্যায়ের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকদের তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়ার বিষয়ে আবেদন পাওয়া গেছে। এ বিষয়ে মাউশির মতামত প্রয়োজন হওয়ায় সংশ্লিষ্ট বিধি-বিধান পর্যালোচনা করে সুপারিশসহ মতামত দিতে মাউশির মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষকদের দাবি, সরকারি কলেজে কর্মরত শিক্ষকরা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছেন। একইভাবে বেসরকারি এমপিওভুক্ত কলেজের শিক্ষকরা পিএইচডি ডিগ্রি অর্জন করলে তাঁদেরও নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া উচিত।
এ দাবিতে শিক্ষকরা শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আবেদন জমা দিয়েছিলেন।
আবেদনে পিএইচডি ডিগ্রি অর্জনকারী বেসরকারি কলেজ শিক্ষকদের জন্য তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা কার্যকর করতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন বা পরিপত্র জারির দাবি জানানো হয়।
এখন মাউশির মতামত ও সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।