ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর আবারও সংগীতের কাজে ব্যস্ত হয়ে উঠেছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমি। প্রথমত, গত মে মাসে শেষ হওয়া মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর টাইটেল গান গেয়েছেন তিনি। গানটি প্রকাশের পর সমসাময়িক ও অনুজ শিল্পীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন রুমি। তাঁদের কেউ কেউ জানিয়েছেন, গানটি তাঁদের পরিবারের সদস্যদেরও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এমন প্রতিক্রিয়া দীর্ঘ বিরতির পর রুমিকে নতুন করে উৎসাহিত করছে।
অন্যদিকে, মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর সঙ্গেও যুক্ত হয়েছেন রুমি। এই ধারাবাহিকের টাইটেল গান গাওয়ার পাশাপাশি আবহসংগীতের কাজও করছেন তিনি। ফলে ধারাবাহিকটির নামের সঙ্গে তাঁর নিজের সংগীতজীবনে ফিরে আসার সময়টিও যেন মিলে গেছে।
দীর্ঘ বিরতির প্রসঙ্গে রুমি জানিয়েছেন, একজন শিল্পীকে সব সময় সামনে থাকতে হবে এমন নয়। কাজের ব্যস্ততার মাঝে কিছুটা বিরতি নিয়ে নতুন উদ্যমে ফিরে আসাও শিল্পীজীবনের অংশ। বর্তমানে ডজনখানেক নতুন গানের কাজ করছেন তিনি। পাশাপাশি প্রায় ৩০টি গানের ভিডিও প্রজেক্ট নিয়েও ব্যস্ত রয়েছেন, যার কয়েকটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। অক্টোবর থেকে স্টেজ শোয়ের ব্যস্ততা আরও বাড়বে বলেও জানিয়েছেন এই শিল্পী।
২০০৫ সালে বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন রুমি। ২০০৭ সালে প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম। এরপর গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাতেও কাজ করেন। ‘বলো না কোথায় তুমি’, ‘সহেনা যাতনা’, ‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘প্রিয়তমা’, ‘হৃদয়ে আমার বাংলাদেশ’, ‘চিঠি’, ‘তোমারই পরশে’, ‘খুঁজে খুঁজে’, ‘তুই আর আমি’ ও ‘তুমি আমার’-এর মতো তাঁর বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে।