collected
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় একটি টিনসেড বাসার বারান্দার কক্ষ থেকে হাসিনা আক্তার নামে এক পোশাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মৃত বাবুল মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিনা আক্তার পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি প্রায় চার বছর ধরে খালা-খালুর সঙ্গে জরুন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত দুই দিন ধরে অসুস্থ থাকায় হাসিনা কারখানায় কাজে যাননি। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা জানালার একটি অংশ ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সিলিংয়ের আড়ার সঙ্গে হাসিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
পরে খবর পেয়ে রাত ৯টার দিকে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।