Photo Collected
গ্রিসের কাছে ঘরের মাঠে হারের পর জার্মানির বর্তমান অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। ম্যাচ শেষে সম্প্রচার ক্যামেরার সামনে তিনি বলেন, জার্মানি আর শীর্ষ দল নেই, বরং মাঝারি মানের দলে পরিণত হয়েছে।
২০১৪ সালে বিশ্বকাপ জেতার পর থেকেই বড় কোনো সাফল্যের দেখা পায়নি জার্মানি। ২০২৬ বিশ্বকাপের পর দলের দায়িত্ব নেওয়া ইয়ুর্গেন ক্লপের অধীনেও শুরুটা আশানুরূপ হয়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ ড্রয়ের পর এবার ঘরের মাঠে গ্রিসের কাছে ১-০ গোলে হেরেছে জার্মানি।
গ্রিসের বিপক্ষে ম্যাচে বলের দখল ও নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি জার্মানি। উল্টো ৭৪ মিনিটে দিমিত্রিয়োস কুরবেলিসের ডিফ্লেক্টেড শটে গোল হজম করে হারতে হয় তাদের। গ্রিসের বিপক্ষে এটি জার্মানির ইতিহাসে প্রথম হার।
তবে শুরুতেই ফলাফল নিয়ে অতটা বিচলিত নন ক্লপ। জার্মানি কোচের মতে, নতুন দল গড়ে তোলার প্রক্রিয়ায় এমন ফল আসতেই পারে। একাদশে একাধিক পরিবর্তন এবং নতুন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার দায়ও নিজের কাঁধে নিয়েছেন তিনি।
২০২৮ ইউরোকে সামনে রেখে প্রথম চার ম্যাচের জন্য ৪৪ জন খেলোয়াড়কে দুটি স্কোয়াডে ভাগ করে দেখার পরিকল্পনা নিয়েছেন ক্লপ। তাঁর মূল লক্ষ্য যত বেশি সম্ভব খেলোয়াড়কে যাচাই করে দলের কাঠামো তৈরি করা। গ্রিসের বিপক্ষে নেদারল্যান্ডস ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তনও করেন তিনি।
ক্লপের এই পরিকল্পনাকে পুরোপুরি অস্বীকার করছেন না শোয়াইনস্টাইগারও। তবে তাঁর প্রশ্ন, জার্মানি কেন প্রতিপক্ষের ওপর যথেষ্ট চাপ তৈরি করতে পারছে না। ক্লপকে সরাসরি দায়ী না করে সাবেক এই মিডফিল্ডার মনে করেন, খেলোয়াড়দেরও নিজেদের সামর্থ্য নিয়ে প্রশ্ন করা উচিত।
চলমান ফিফা উইন্ডোয় জার্মানির সামনে আরও দুটি ম্যাচ রয়েছে। ১ অক্টোবর মিউনিখে সার্বিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৪ অক্টোবর এথেন্সে গ্রিসের বিপক্ষে ফিরতি লেগ খেলবে জার্মানি।