গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে জামায়াত সহযোগিতা না করে লংড্রাইভ করছে’

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮ PM BST ৩০ বার পঠিত
গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে জামায়াত সহযোগিতা না করে লংড্রাইভ করছে’

collected

গ্যাস ও বিদ্যুতের সংকটকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেছেন, সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে দলটি ‘লংড্রাইভ’ করছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট এখন জাতীয় সংকট। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করা প্রয়োজন। তবে জামায়াত সংকট সমাধানে সহযোগিতা না করে লংমার্চের নামে ‘লংড্রাইভ’ করছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াতের আমিরের উদ্দেশে লংমার্চ বন্ধ করার আহ্বানও জানান তিনি।

১৯৯৬ সালের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াতের সমালোচনা করেন রাশেদ খান। তাঁর দাবি, ওই সময় জামায়াত বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিল। বর্তমানে জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত আওয়ামী লীগকে বিক্ষোভ করার সাহস জোগাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ আর ফিরবে না। দলটির নেতারা দেশে ফিরতে পারবেন না এবং জনগণও তাদের আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়েও তিনি তীব্র সমালোচনামূলক বক্তব্য দেন।

জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, তাঁর বক্তব্যে যে শক্তি বা প্রভাবের কথা বলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে জামায়াতের নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষের চরিত্র হননের অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জামায়াতের নেতারা বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীকে স্বীকার না করে নিজেদের একটি ‘বটবাহিনী’র ওপর নির্ভর করছেন।

সার সংকট নিয়ে কৃষকদের ভোগান্তির বিষয়ে রাশেদ খান বলেন, দেশে সার সংকট নেই। তাঁর অভিযোগ, কিছু ডিলার কৃত্রিমভাবে সার মজুত করে সংকট তৈরি করার চেষ্টা করছেন। আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া সার ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, সার ব্যবসার পুরো ব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

এর আগে সকাল ১০টায় তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদ খান।

সভায় জেলা বিএনপির সহসভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: