collected
শেখ হাসিনার শাসনামলে দেশে গণতান্ত্রিক পরিসর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ওই সময়ে কথা বলা, স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে মতপ্রকাশ করাও কঠিন ছিল।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট ২০২৫’-এর ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসগুলোয় গণতান্ত্রিক পরিসর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। কোথাও গণতান্ত্রিক সুযোগ অবশিষ্ট রাখা হয়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, স্বাধীনভাবে মতপ্রকাশ কিংবা স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা অত্যন্ত কঠিন ছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও স্বাধীনভাবে মতামত প্রকাশের পথ রুদ্ধ ছিল বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একনায়কতন্ত্র বা সামরিক শাসন থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোয় কিছুটা স্বায়ত্তশাসন ও কথা বলার অধিকার বজায় থাকে। কিন্তু শেখ হাসিনার শাসনামলে সেই সুযোগও পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, কঠিন দুঃশাসনের মধ্যেও দেশের তরুণ ও যুবকেরা নানা প্রতিকূলতা অতিক্রম করে কাজ করে গেছেন। বর্তমান স্বাধীন পরিবেশে তরুণদের মেধা, মনন ও মুক্তচিন্তার চর্চা আরও বাড়াতে হবে বলে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের সৃজনশীল চিন্তা, সাহসী প্রশ্ন এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার সক্ষমতার ওপর। ভবিষ্যৎ কর্মক্ষেত্রে বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্বের গুরুত্ব বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানমুখী করতে হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম বলেন, ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানো, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে কাজ করছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।