collected
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের শিক্ষার্থীদের জন্য স্থাপিত একটি লিফট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে। লিফটটি সংস্কার কিংবা নতুন লিফট স্থাপনের উদ্যোগ নিয়ে এবার পাল্টাপাল্টি দাবি করেছে অনুষদ কর্তৃপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসুর দাবি, তারা ইতিমধ্যে একটি নতুন লিফটের ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এক দিনের মধ্যেই নতুন লিফট আনার ব্যবস্থা করা সম্ভব।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল আমিনের দাবি, দায়িত্ব নেওয়ার পর তিনি নিজেই লিফটটি সচল করার উদ্যোগ নিয়েছেন। প্রয়োজনে নতুন লিফট স্থাপনের বিষয়েও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে অধ্যাপক আল আমিন জানান, গত ৩ সেপ্টেম্বর তিনি অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর অনুষদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগের অংশ হিসেবে লিফটের বিষয়টিও দেখছেন তিনি। ৬ সেপ্টেম্বর কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে ১৫ দিনের মধ্যে লিফটটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন লিফট প্রয়োজন হলে সেটিরও ব্যবস্থা করা হয়েছে বলে তাঁর দাবি।
অধ্যাপক আল আমিনের ভাষ্য অনুযায়ী, ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট-বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম তাঁকে ফোন করে নতুন লিফট লাগিয়ে দেওয়ার কথা জানান। তবে তিনি ডাকসুর সহায়তার প্রয়োজন নেই বলে জানান, কারণ লিফটের ব্যবস্থা তিনি নিজেই করছেন। পরে ডাকসুর কয়েকজন সদস্য তাঁর কার্যালয়ে গিয়ে একই বিষয়ে কথা বলেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর পক্ষ থেকে নতুন লিফটের ব্যবস্থা করার প্রচার দেখতে পান বলে জানান অধ্যাপক আল আমিন। এ নিয়ে তিনি তাঁর ফেসবুক পোস্টে সমালোচনা করে বলেন, কোনো কিছুর সমাধান না করে প্রচারের নামে এমন দাবি করা রাজনৈতিক আদর্শ হতে পারে না।
তবে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট-বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, লিফটের সমস্যাটি দীর্ঘদিনের এবং আগের ডিনের সময় থেকেই নতুন লিফটের ব্যবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। গত আগস্টে উপাচার্যের সঙ্গে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের বৈঠকেও বিষয়টি ওঠে। এরপর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তাঁরা একটি নতুন লিফটের জন্য স্পনসর সংগ্রহ করেন।
মাজহারুল ইসলামের ভাষ্য, অধ্যাপক আল আমিন দায়িত্ব নেওয়ার পর পুরোনো লিফট সংস্কারের উদ্যোগের কথা জানান এবং ডাকসুর সংগ্রহ করা নতুন লিফট নিতে চাননি। এ কারণে প্রশাসন চাইলে এক দিনের মধ্যে নতুন লিফট আনার সক্ষমতার কথা শিক্ষার্থীদের জানানো হয়েছে। তাঁর দাবি, এতে প্রচারের নামে মিথ্যাচারের কোনো সুযোগ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেইনটেন্যান্স) মো. আহসান হাবিব জানিয়েছেন, লিফটটি সচল করার বিষয়ে অনুষদের ডিন তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। সোমবার থেকেই কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, নতুন লিফট আনার দায়িত্ব ডাকসুকে দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, লিফটের প্রয়োজনীয়তার বিষয়টি ডাকসু প্রশাসনকে জানাতে পারে, তবে লিফটের ব্যবস্থা করার দায়িত্ব প্রশাসনের।