Photo Collected
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নেতিবাচক মন্তব্য নিয়ে এত দিন প্রকাশ্যে কথা বলেননি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এবার লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। কারও নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে স্পষ্ট, অনলাইনে তৈরি হওয়া নেতিবাচক বয়ান দিয়ে নিজের আত্মসম্মান বিচার করতে চান না অভিনেত্রী।
ক্যাটরিনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছেন বা তাঁকে নিয়ে কী ধরনের বয়ান তৈরি হচ্ছে, তার ভিত্তিতে নিজের আত্মসম্মান নির্ধারণ করা ভুল। সবাইকে খুশি করার চেষ্টা করতে গেলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা হারিয়ে যেতে পারে বলেও মনে করেন তিনি।
নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করলে নিজের এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত হতো বলে জানান ক্যাটরিনা। তাঁর কথায়, প্রতিটি সমালোচনাকে গুরুত্ব দিলে হয়তো ভয়ে এক জায়গায় থেমে যেতে হতো, জীবনে আর সামনে এগোনো সম্ভব হতো না।
নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়ার ওপরও জোর দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, যখন বাইরের পৃথিবী কাউকে নিয়ে প্রশংসা বা উচ্ছ্বাস দেখাবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম নয়—কখনো সবকিছু মনের মতো হয়, আবার কখনো প্রত্যাশা অনুযায়ী কিছুই ঘটে না।
ক্যাটরিনার বক্তব্যে উঠে এসেছে নিজের চেহারা ও জীবনযাত্রা নিয়েও অতিরিক্ত দুশ্চিন্তা না করার বার্তা। কখনো কাউকে সেরা দেখাতে পারে, আবার কখনো সেই অবস্থানে পৌঁছানোর যাত্রা চলতে থাকে। তাই জীবনের পরিবর্তন ও ওঠানামাকে সহজভাবে গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।
এর আগে সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি ও সৌন্দর্য রজনীকান্তের মতো তারকারা ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবার নিজের বক্তব্যের মধ্য দিয়ে অনলাইন ট্রল, আত্মসম্মান ও আত্মবিশ্বাস নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।