হাসপাতালে প্রবীণ অভিনেতা রিফাত চৌধুরী, চাইলেন ভক্তদের আর্থিক সহায়তা

Pinky Saha Pinky Saha ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ PM BST ২২ বার পঠিত
হাসপাতালে প্রবীণ অভিনেতা রিফাত চৌধুরী, চাইলেন ভক্তদের আর্থিক সহায়তা

অভিনেতা রিফাত চৌধুরী। ছবি: সংগৃহীত

শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতা ও অতিরিক্ত শারীরিক দুর্বলতাসহ নানা শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা রিফাত চৌধুরী। পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

চিকিৎসাধীন অবস্থায় রিফাত চৌধুরী জানান, শারীরিক নানা জটিলতা থাকলেও মানসিকভাবে তিনি শক্ত আছেন। তবে চিকিৎসার জন্য ভক্ত-অনুরাগীদের দোয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে রিফাত চৌধুরী পাঁচ শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।

বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রে তার অভিনয় ব্যাপক পরিচিতি এনে দেয়। চরিত্রটি দর্শকদের কাছে তাকে আলাদা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি সাহিত্যচর্চাতেও দীর্ঘদিন ধরে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করেন তিনি। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

বর্তমানে সুস্থ হয়ে দ্রুত অভিনয়ে ফিরতে চান এই গুণী শিল্পী। পাশাপাশি লেখালেখিও চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি। তার সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনায় সহকর্মী, বন্ধু এবং সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: