collected
জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করেই রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়া এবং সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের গোপন যোগাযোগ থাকতে পারে। তার দাবি, এ যোগাযোগের কারণেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করার সাহস দেখাচ্ছে।
তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের অবস্থানের কারণে আওয়ামী লীগ আন্দোলন করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত নেতাদের আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে আপত্তি না থাকার বক্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
বিএনপির ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এসব আন্দোলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।