জিন্নাহর ছবির প্রতিবাদে ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমকে জুতাপেটার ছবি

Sharmin Sultana Sharmin Sultana ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৭ PM BST ৩১ বার পঠিত
জিন্নাহর ছবির প্রতিবাদে ডাকসু সংগ্রহশালায় গোলাম আযমকে জুতাপেটার ছবি

collected

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে সেখানে গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি টানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী সংগ্রহশালায় গিয়ে ছবিটি টানান। তারা জিন্নাহর ছবি লাগানো স্থানের ওপর ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আযমকে জুতাপেটার একটি ছবি প্রদর্শন করেন।

অর্ক বড়ুয়া বলেন, ইতিহাসকে একপক্ষীয়ভাবে উপস্থাপন করা হলে তা মেনে নেওয়া হবে না। তাঁর দাবি, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গোলাম আযমের ভূমিকা নিয়ে যে ইতিহাস রয়েছে, তার প্রেক্ষাপটে তাঁকে জুতাপেটার ঘটনাটিও বাংলাদেশের ইতিহাসের অংশ। এ কারণেই তারা ছবিটি সংগ্রহশালায় প্রদর্শন করেছেন।

তিনি আরও বলেন, ডাকসু যদি নিজেদের সিদ্ধান্তে জিন্নাহর ছবি প্রদর্শন করতে পারে, তাহলে ছাত্র ফেডারেশনও নিজেদের অবস্থান থেকে গোলাম আযমের ছবি প্রদর্শন করেছে।

এর আগে সংস্কার শেষে রোববার ডাকসু সংগ্রহশালা চালু করা হয়। সেখানে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা গৌরবোজ্জ্বল কোনো ছবি রাখা হয়নি। পরিবর্তে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়।

এর মধ্যে একটি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া জিন্নাহর বক্তব্যের সময়ের ছবি। ওই অনুষ্ঠানে তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া ১৯৪০ সালের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনের একটি দলগত ছবি এবং ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি-সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি প্রতিবেদনও প্রদর্শন করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এমন ব্যক্তির ছবি সংগ্রহশালায় স্থান দেওয়া হয়েছে।

ছাত্রদলের প্রতিবাদ

ডাকসু সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিকভাবে জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছে। তারা ছবিটি অপসারণের পাশাপাশি ডাকসু সংগ্রহশালাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ প্রচারের জায়গা হিসেবে ব্যবহার না করার দাবি জানায়।

শেখ মুজিবের ছবি পুনর্বহালের দাবি

একই দিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি যুক্ত করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা সংগ্রামের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের ছবি সংগ্রহশালা থেকে সরিয়ে দেওয়া ইতিহাস বিকৃতির শামিল। তারা দ্রুত জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: