collected
জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা।
গ্রেফতার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, নাজমুল আহসান কলিমুল্লাহর কোনো রাজনৈতিক পদ নেই। তিনি একজন অধ্যাপক এবং একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলেও তাকে গ্রেফতার করা হয়েছিল বলে আদালতকে জানান আইনজীবী।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি দাবি করেন, কলিমুল্লাহ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেন, ছাত্রজীবন ও শিক্ষকতা জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না এবং এখনও কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন।
কলিমুল্লাহ বলেন, উপাচার্যের দায়িত্ব পালনকালে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন উল্লেখ করে কলিমুল্লাহ বলেন, সাঈদ হত্যার প্রতিবাদে তিনি কথা বলেছেন। তিনি নিজেকে শুধু একজন শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষকতার বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত নন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত নাজমুল আহসান কলিমুল্লাহকে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।