collected
রাজধানীর কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে গ্যাস সিলিন্ডার পড়ে মো. জামাল (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নূরবাগ এলাকার পুরনো পুলিশ ফাঁড়ি গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, জামালদের টিনশেড বাড়ির দুই পাশে ছয় ও পাঁচতলা দুটি ভবন রয়েছে। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জামাল। এ সময় পাশের দুটি ভবনের যেকোনো একটি থেকে একটি গ্যাস সিলিন্ডার নিচে পড়ে প্রথমে টিনের চালের ওপর আঘাত করে। পরে সেটি ছিটকে জামালের মাথায় পড়ে।
এতে গুরুতর আহত হন তিনি। বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা বাইরে এসে জামালকে আহত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে সিলিন্ডারটি ঠিক কোন ভবন থেকে পড়েছে বা কীভাবে ওপর থেকে নিচে এসেছে, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি নিহতের স্বজনরা। এটি কেউ ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়েছে কি না, সে বিষয়েও তারা নিশ্চিত নন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের স্ত্রী বিউটি জানান, জামাল ব্যবসা করতেন। নূরবাগ পুরনো পুলিশ ফাঁড়ি গলিতে নিজেদের টিনশেড বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। জামাল দুই সন্তানের জনক ছিলেন।