collected
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হাসান বলেছেন, তাঁর আমলে সংঘটিত হত্যাকাণ্ড, সম্পদ লুণ্ঠন এবং মেগা প্রকল্পের নামে অনিয়মের অভিযোগের হিসাব দেশের মাটিতেই দিতে হবে।
রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হাসান বলেন, ‘পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, এ দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং মেগা প্রকল্পের নামে ডাকাতি করেছেন—সেগুলোর হিসাব অবশ্যই বাংলার মাটিতে হবে।’ এসব অভিযোগের মুখোমুখি হতে সাহস থাকলে আইন ও আদালতের মাধ্যমে তা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার বিদেশে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হলে পালিয়ে থাকার বা অন্য দেশে আশ্রয় নেওয়ার প্রয়োজন হতো না।
সাবেক সরকারের সমর্থকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগ করে ডা. জাহিদ হাসান বলেন, দেশের স্থিতিশীলতা নষ্টের জন্য বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ‘মব কালচার’ তৈরির চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, কখনো সার, কখনো বিদ্যুৎ কিংবা অন্য কোনো বিষয়কে সামনে এনে এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ডা. জাহিদ হাসান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ অনির্বাচিত সরকার, ‘রাতের সরকার’, ‘বিনা ভোটের সরকার’ ও ‘ডামি নির্বাচন’ দেখেছে। তাঁর অভিযোগ, এসব সরকারের জনগণের কাছে জবাবদিহি ছিল না এবং বিভিন্ন সময়ে মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে।
তিনি আরও বলেন, ওয়ান-ইলেভেনের পর থেকে বিভিন্ন সময়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাঠে ছিল। এ সময় দলের বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ডা. জাহিদ হাসান পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।