Photo Collected
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নতুন গানের ঘোষণা দিয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। নতুন একটি ছবি প্রকাশ করে তিনি জানান, গানটি নিয়ে এই ঘোষণা দেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ এক সময়েই নতুন গানটির ঘোষণা দিলেন টেলর। গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে তাঁর বিয়ের আয়োজন হয়। প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত ওই আয়োজনে নিজেদের লেখা শপথ পাঠ করেন তাঁরা। বিয়ের আনুষ্ঠানিকতায় অভিনেতা অ্যাডাম স্যান্ডলারও যুক্ত ছিলেন।
টেলর সুইফটের ওয়েবসাইটে এরই মধ্যে গানটির প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। মূল সংস্করণের পাশাপাশি অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও পাওয়া যাবে। পিয়ানো সংস্করণের প্রচ্ছদে টেলরকে তাঁর বাগদানের আংটি প্রদর্শন করতে দেখা যায়।
টেলরের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশিত হয় ২০২৫ সালের অক্টোবরে। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর শীর্ষে ১২ সপ্তাহ অবস্থান করে। এতে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ ও ‘ওপালাইট’-এর মতো গান ছিল। চলতি বছর ‘টয় স্টোরি ৫’ সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য ‘আই নিউ ইট আই নিউ ইউ’ গানটিও প্রকাশ করেন তিনি।
এদিকে নতুন গান প্রকাশের দুই দিন পর, ২৫ সেপ্টেম্বর এমটিভি ভিএমএতে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন টেলর। প্রথমবারের মতো তাঁকে ‘আর্টিস্ট ডিরেক্টরস অনার্স’ সম্মানে ভূষিত করা হবে। একই অনুষ্ঠানে নয়টি বিভাগে পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছেন এই গায়িকা।