পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

Sharmin Sultana Sharmin Sultana ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ PM BST বরিশাল ৩২ বার পঠিত
পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১০

collected

পটুয়াখালী সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

নিহতরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইউম প্যাদা (৫০), চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩)। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের পরিচয় নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের রেকার দিয়ে বাসটি খাদ থেকে তোলার সময় পানির নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। বাসের ভেতরে বা পানিতে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে বাসের যাত্রীদের মধ্যে বড় ধরনের হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।A

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: