collected
রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা ফ্রন্ট অফিস বিভাগে ‘ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদটিতে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কোনো খ্যাতনামা হোটেল, হাসপাতাল বা জাতীয় সংস্থায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।
প্রার্থীর মাঝারি শ্রেণির যানবাহন চালানোর পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতার পাশাপাশি ভালো নেটওয়ার্কিং সক্ষমতা, চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং চমৎকার ব্যক্তিত্ব থাকতে হবে।
এটি নির্দিষ্ট বেতনের চাকরি।
প্রধান দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে হোটেলের অতিথিদের নিরাপদ, সময়ানুবর্তী ও পেশাদার পরিবহন সেবা নিশ্চিত করতে হবে। বিমানবন্দর থেকে অতিথিদের আনা-নেওয়া এবং পিক-আপ ও ড্রপ-অফ কার্যক্রম সমন্বয় করতে হবে।
এ ছাড়া গাড়ির জ্বালানি, তেল, ব্যাটারি ও টায়ারের অবস্থা নিয়মিত পরীক্ষা করা এবং যানবাহন পরিষ্কার ও নির্ধারিত মান অনুযায়ী রাখার দায়িত্ব থাকবে। ট্রাফিক পরিস্থিতি, স্থানীয় রুট ও দর্শনীয় স্থান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
গাড়ির ব্যবহার, মাইলেজ ও জ্বালানির সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা ছবি সংযুক্ত করে পূর্ণাঙ্গ সিভি ও আবেদনপত্র ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
ডাকযোগে বা সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা—পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।
আবেদনের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।