রশিদকে টপকে প্রথমবার টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আবরার

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ PM BST ২০ বার পঠিত
রশিদকে টপকে প্রথমবার টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আবরার

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। এক পয়েন্টের ব্যবধানে তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে। রশিদ নেমে গেছেন দুই নম্বরে।

আবরারের বর্তমান রেটিং পয়েন্ট ৭৩৬। যদিও তাঁর ক্যারিয়ারসেরা রেটিং ৭৫৭। সর্বশেষ ভারত সিরিজে রশিদ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিন ম্যাচে ৪ উইকেট নিলেও ওভারপ্রতি ৯.৮২ রান খরচ করেছেন তিনি। ফলে সর্বশেষ আপডেটে এক পয়েন্ট হারান রশিদ। অন্যদিকে আবরার কোনো ম্যাচ না খেলেও উঠে গেছেন শীর্ষস্থানে।

এই অর্জনের মাধ্যমে পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠলেন আবরার। তাঁর আগে পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি।

শীর্ষ চারে চার লেগ স্পিনার

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চার স্থানেই রয়েছেন লেগ স্পিনাররা। আবরার আহমেদ ও রশিদ খানের পর তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

বোলিং র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছেন ইংল্যান্ডের জেমি ওভারটন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাঁচ উইকেট নিয়ে ৪৭ ধাপ এগিয়েছেন তিনি। এতে ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে উঠে এসেছেন এই ইংলিশ পেসার।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। র‍্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ১২ নম্বরে।

ব্যাটিংয়ে শীর্ষে ঈশান, চার নম্বরে ব্রুক

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ঈশান কিষাণ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে পাঁচ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

একই সিরিজে দুই ধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের জস বাটলারের। তিনি উঠে এসেছেন পাঁচ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৭২ রান করেছেন বাটলার। ব্রুকের ব্যাট থেকে এসেছে ১৭০ রান।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন তানজিদ হাসান। বাঁহাতি এই ওপেনার রয়েছেন ১৭ নম্বরে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: