ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর জন্মদিন আজ। বিশেষ এই দিনে প্রয়াত নায়ককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সালমান শাহর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেছেন শাবনূর। একই সঙ্গে প্রয়াত এই অভিনেতাকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
পোস্টে শাবনূর সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নব্বইয়ের দশকের সেই সময়ের কথা স্মরণ করেন। তাঁর ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শুটিংয়ের সেই দিনগুলোর স্মৃতি এখনো তাঁর চোখের সামনে ভাসে। শুটিং সেটে সালমান শাহ শুধু জনপ্রিয় নায়কই ছিলেন না, একজন মানবিক মানুষ হিসেবেও সবার কাছে পরিচিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
শাবনূর বলেন, শুটিং ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই ছোট করে দেখতেন না সালমান শাহ। সবার খোঁজ নেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং আপন করে নেওয়ার মতো গুণ তাঁর মধ্যে ছিল বলেও স্মৃতিচারণ করেন শাবনূর।
পুরোনো কোনো গান শুনলে কিংবা সালমান শাহ অভিনীত কোনো সিনেমার দৃশ্য দেখলে নব্বইয়ের দশকের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় বলেও জানান শাবনূর। একই সঙ্গে সালমান শাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
পোস্টের শেষাংশে সালমান শাহকে নিয়ে বিশেষ অনুরোধ জানান শাবনূর। তাঁর আহ্বান, প্রয়াত এই অভিনেতাকে নিয়ে কেউ যেন মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করেন। একজন প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সম্মান অটুট রাখার পাশাপাশি তাঁর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গে ধারণ করার কথাও বলেন তিনি।
শাবনূরের এই স্মৃতিচারণে উঠে এসেছে সালমান শাহর সঙ্গে তাঁর কাজের সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রয়াত সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা।