সালমানকে করণের প্রশ্ন, ‘তুমি কি এখনও ভার্জিন?’

Pinky Saha Pinky Saha ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ PM BST ১০৪ বার পঠিত
সালমানকে করণের প্রশ্ন, ‘তুমি কি এখনও ভার্জিন?’

Photo Collected

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড তারকাদের আড্ডা, গসিপ ও বিতর্কের অন্যতম আলোচিত মঞ্চ ‘কফি উইথ করণ’। অনুষ্ঠানের শেষ তথা নবম সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত প্রোমোতে করণ জোহর ও সালমানের খুনসুটি যেমন দেখা গেছে, তেমনি একটি সরাসরি প্রশ্নে চমকেও দিয়েছেন সঞ্চালক।

প্রোমোর শুরুতেই সালমানকে নিয়ে রসিকতায় মাততে দেখা যায় করণ জোহরকে। শেষ সিজনের যাত্রা শুরু করার জন্য সালমানের চেয়ে ভালো অতিথি আর কে হতে পারেন—এমন মন্তব্য করে ভাইজানকে স্বাগত জানান তিনি। এরপর ‘কফি উইথ করণ’-এর পরিবর্তে মজা করে ‘কফি উইথ সালমান’ শুরু করার কথাও বলেন করণ।

এরপরই আসে চমক। সালমানকে সরাসরি করণ জোহর প্রশ্ন করেন, ‘তুমি কি এখনও ভার্জিন?’ এমন প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে পাল্টা করণকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেন সালমান। তাঁর জবাব, ‘আরে ভাই, নিজেকে একটু কন্ট্রোল করো।’

এর আগেও ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সালমান। তবে এবার করণের প্রশ্নের জবাবে তাঁর প্রতিক্রিয়া নতুন করে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

দুই দশকেরও বেশি সময় ধরে ‘কফি উইথ করণ’ বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, বিচ্ছেদ ও নানা গুঞ্জন নিয়ে আলোচনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। ফলে নবম সিজনের প্রথম পর্বে সালমানের উপস্থিতি ঘিরে আগে থেকেই দর্শকদের আগ্রহ ছিল। প্রোমো প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।

সামাজিক মাধ্যমে প্রোমোটি প্রকাশ্যে আসার পর সালমান ও করণের কথোপকথন নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে করণের সরাসরি প্রশ্নটিই নজর কেড়েছে। অনুষ্ঠানের নবম সিজনের প্রথম পর্বে এই খুনসুটি আরও কীভাবে গড়ায়, এখন সেটিই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: