collected
ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে সাত দফা দাবিতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে অভিযোগ করে হামিদুর রহমান আজাদ বলেন, তেল সংকটের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি সংকটের প্রভাবে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দেশে সারসংকট দেখা দেওয়ায় খাদ্যশস্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের সমস্যার মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পেয়েছে।
এ ছাড়া দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ।
১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবির মধ্যে আগে থাকা ছয় দফার সঙ্গে এবার দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি যুক্ত করা হয়েছে। এসব দাবি সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জোটটি।