সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির

Sharmin Sultana Sharmin Sultana ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৮ PM BST ২৯ বার পঠিত
সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির

collected

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

হুমায়ুন কবির বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ছিল না বলে তিনি মনে করেন। তাঁর দাবি, নিয়োগ প্রক্রিয়াটিও ত্রুটিপূর্ণ ছিল এবং এতে দুর্নীতির অভিযোগের বিষয়টি সামনে এসেছে।

একই সঙ্গে ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের বিষয়েও বিভিন্ন তথ্য তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেওয়া হবে বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, সফরে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকার তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: