ব্রেকিং

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: শামা ওবায়েদ

Sharmin Sultana Sharmin Sultana ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৯ PM BST ১৮ বার পঠিত
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: শামা ওবায়েদ

Picture : Internet

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং এরপর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তাঁর দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভারতের বিচার বিভাগও বিষয়টি দেখছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

‘মক্কা প্যাক্ট’-এ বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এমন কোনো গ্রুপ দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কি না এবং তা দেশের মানুষের উপকারে আসবে কি না—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে উপযুক্ত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা এবং মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: