collected
টাঙ্গাইলের সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা-পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর এখলাস হায়দার সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু এবং যুবলীগ নেতা আবদুর রাজ্জাক।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় অজ্ঞাতপরিচয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে দাড়িয়াপুর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটির ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।