collected
সনাতন ধর্মাবলম্বীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে বিএনপির ঘরে এসেছেন, তাঁদের নিরাশ করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।
শুক্রবার (৯ অক্টোবর) সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে ৪৬টি পূজামণ্ডপের পূজারিদের মধ্যে নগদ অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দেশ ছেড়ে চলে গেলে স্বৈরাচারী আওয়ামী লীগ লাভবান হয়। কারণ, তখন তাদের সম্পত্তি দখলের সুযোগ তৈরি হয়। আর তাঁরা দেশে থাকলে তাদের ভোট পাওয়া যায়। তবে বর্তমান সরকার কাজের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মন জয় করবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারই প্রথম হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে নগদ ৫ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে কোনো ঘটনা ঘটবে না—এমন ধারণা করে বসে থাকলে চলবে না। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তুলতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাকসুর সাবেক ভিপি আশরাফ খান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।