‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল, এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানি

Pinky Saha Pinky Saha ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২২ PM BST ৩০ বার পঠিত
‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল, এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রানি

ছবি: সংগৃহীত

‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলা পর্যায় থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের সই করা এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়। বিউটি রানি পাল ছাড়াও সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জের ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস এ তালিকায় রয়েছেন।

গত ২৩ জুলাই বিউটি রানি পাল ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গান ব্যবহার করায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন। পরে এর প্রতিবাদে একই গানকে প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রতিবাদ জানান।

সমালোচনার মুখে পাশে থেকে সমর্থন দেওয়ায় দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন বিউটি রানি। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এই শিক্ষক।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: