শ্রীপুরে কলেজছাত্রীকে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ AM BST ২২ বার পঠিত
শ্রীপুরে কলেজছাত্রীকে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

collected

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে ছাত্রীর পরিবারের অভিযোগ। ঘটনার পর ছাত্রীর পরিবার রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ওই কলেজছাত্রী পিয়ার আলী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার সকালে বাড়ির সামনে একটি দোকানে কেনাকাটা করতে গেলে রিজভী কয়েকজন সহযোগীসহ সেখানে উপস্থিত ছিলেন। পরিবারের অভিযোগ, ওই সময় তাঁকে টেনে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাটির বিষয়ে অভিযুক্ত রিজভীর বক্তব্য পাওয়া যায়নি; তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।

ছাত্রীর স্বজনেরা আরও অভিযোগ করেছেন, কলেজে যাওয়া-আসার পথে রিজভী দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি রিজভীর পরিবারকে জানানো হলে তাঁরা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে পরিবারের দাবি। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ছাত্রীর পরিবার।

ঘটনার পর ছাত্রীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহিনুর ইসলাম জানিয়েছেন, স্বজনদের দেখানো বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও এখনো ওই কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে অভিযোগের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে রিজভীকে পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: