তাস খেলার ভিডিও ছড়ানোর পর বাকেরগঞ্জে বিএনপি নেতাকে অব্যাহতি

Sharmin Sultana Sharmin Sultana ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ AM BST ১৬ বার পঠিত
তাস খেলার ভিডিও ছড়ানোর পর বাকেরগঞ্জে বিএনপি নেতাকে অব্যাহতি

collected

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. শাহাবউদ্দীন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

এর আগে বুধবার সকালে ওবায়দুল ইসলাম মাহির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে আরও তিন ব্যক্তির সঙ্গে তাস ও টাকা হাতে নিয়ে তাস খেলতে দেখা যায়। তাদের মধ্যে বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক ইফতেখার উদ্দিনকে শনাক্ত করা হয়েছে। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরই দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় পৌর বিএনপি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওবায়দুল ইসলাম মাহি। তার দাবি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলে এর সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।

দলীয় বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে, মাহির দাবি অনুযায়ী ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না, সে বিষয়েও স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: