collected
সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভাইভা পরীক্ষার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর ২০০ এবং বিসিএসে ৫০ করার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারে গিয়ে এখন উল্টো পথে হাঁটা হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক কারণে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, কোনো সংস্কারের পক্ষে সরকারের যথাযথ যুক্তি থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা বাস্তবায়ন করা উচিত। যৌক্তিক সংস্কার হলে এনসিপিও সেটিকে সমর্থন করবে।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের পর দুই বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে এবং সেসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা জনগণই বিচার করবে।
সভায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা বক্তব্য দেন।
ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্য সচিব এস এম ওয়াহেদুর রহমান সভা সঞ্চালনা করেন।
সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।