collected
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারতো। এভাবে শান্তিতে থাকা যায় না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।’ উদ্ধৃতিটি তিনি আজমেরী হক বাঁধনের বক্তব্য হিসেবে উল্লেখ করেন।
পাটওয়ারী তার পোস্টে আরও বলেন, জুলাইয়ের কঠিন সময়ে আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলে রাজপথে নেমেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, নীরব থাকা সহজ হলেও সে সময় বাঁধন নীরব থাকেননি।
এনসিপির এই নেতা বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে আজমেরী হক বাঁধন পরিবারসহ হামলার শিকার হয়েছেন।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় বাঁধনকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য, রাজনৈতিক স্লোগান ভয়, হুমকি বা শক্তি প্রয়োগের মাধ্যমে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা করা হলে তা আর রাজনৈতিক আদর্শের প্রকাশ থাকে না; বরং তা জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতিতে পরিণত হয়।
তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।