ছবি: সংগৃহীত
মাত্র ২২ বছর বয়সে মারা গেছেন ‘মিস অস্ট্রিয়া ২০২৪’ লুসিয়া সিসিক। জন্মগত জটিল হৃদরোগে ভুগতে থাকা এই তরুণীর মৃত্যুর খবর সোমবার (৭ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’। নতুন কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত তিনি মিস অস্ট্রিয়ার মুকুটের অধিকারী ছিলেন।
মিশন অস্ট্রিয়া এক বিবৃতিতে লুসিয়াকে সাহসী ও অসাধারণ এক তরুণী হিসেবে স্মরণ করেছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে শৈশব থেকেই হৃদরোগজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন ছিলেন তিনি। অস্ট্রিয়ার হৃদরোগে আক্রান্ত শিশুদের সহায়তাকারী সংগঠন ‘হার্জকিন্ডার অস্ট্রিয়া’ও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি লুসিয়া কখনো আড়াল করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, জন্মের পরপরই তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকদের প্রচেষ্টার কারণেই তিনি দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছেন বলে তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন। শৈশবে অসুস্থতার কারণে অন্য শিশুদের মতো খেলাধুলা ও দৌড়ঝাঁপ করতে না পারলেও, কঠিন এই জীবনসংগ্রাম তাকে মানসিকভাবে আরও শক্ত করে তুলেছিল।