২৮ বছরে চ্যানেল আই, তিন দিনের আয়োজনে গান-নাটক-সিনেমা-আড্ডা

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৪ PM BST ২৮ বার পঠিত
২৮ বছরে চ্যানেল আই, তিন দিনের আয়োজনে গান-নাটক-সিনেমা-আড্ডা

ছবি: সংগৃহীত

২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের বিশেষ অনুষ্ঠানমালা। এতে থাকছে গান, সিনেমা, নাটক, আড্ডা, স্মৃতিচারণা ও নানা বিশেষ আয়োজন। পাশাপাশি চ্যানেল আই চেতনা চত্বরে থাকছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের প্রথম দিন আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে প্রচারিত হয়েছে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। এতে গান পরিবেশন করেছেন কোনাল। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘চ্যানেল আই পুষ্টি আড্ডা’। ইফাতারা ইরার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন স্বপ্না রেজা।

বিকেল ৫টা ৩০ মিনিটে পুনম প্রিয়ামের পরিচালনায় প্রচারিত হবে ‘চেনামুখ দুঃখ সুখ’-এর বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’। এতে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ। এরপর বিকেল ৫টা ৫৫ মিনিটে কেকা ফেরদৌসীর উপস্থাপনায় থাকছে ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ৯টা ৩০ মিনিটে থাকছে সংবাদপত্রভিত্তিক অনুষ্ঠান ‘সংবাদপত্রে বাংলাদেশ’।

বেলা ১১টা ৫ মিনিট থেকে চ্যানেল আই চেতনা চত্বরে শুরু হবে দিনব্যাপী বিশেষ আয়োজন ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আকর্ষণ হিসেবে বেলা ৩টা ৫ মিনিটে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বউ চা’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও স্বর্ণলতা। রাত ৯টা ৩৫ মিনিটে শাইখ সিরাজের উপস্থাপনায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’।

প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন রাত ১০টা ২০ মিনিটে থাকছে মুকিত মজুমদারের উপস্থাপনায় ‘চ্যানেল আইয়ের সঙ্গে সবুজের পথে’। এর ১০ মিনিট পর রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে শাইখ সিরাজের উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’।

রাত ১২টায় প্রচারিত হবে ‘আজকের সংবাদপত্র’। এতে অংশ নেবেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার ও জহির উদ্দিন মাহমুদ।

সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের তিন দিনের অনুষ্ঠানমালায় থাকছে বিনোদন, তথ্য, স্মৃতিচারণা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক আয়োজন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: