আশা ভোঁসলের শেষ রেকর্ড করা গান প্রকাশ হচ্ছে আজ

Pinky Saha Pinky Saha ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৯ PM BST ১৭ বার পঠিত
আশা ভোঁসলের শেষ রেকর্ড করা গান প্রকাশ হচ্ছে আজ

আশা ভোঁসলে। ছবি: সংগৃহীত

কয়েক প্রজন্মের শ্রোতার স্মৃতিতে অমর হয়ে থাকা কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের কণ্ঠে রেকর্ড করা শেষ গান প্রকাশ হচ্ছে আজ। শিল্পীর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বিশেষ এই দিনটিকেই গান প্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে।

কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’র জন্য আশা ভোঁসলের রেকর্ড করা গান ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’ আজ শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির পরিচালক হরিশ ব্যাস।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

আশা ভোঁসলের কণ্ঠে রেকর্ড করা জীবনের শেষ গান হিসেবে এটি ভক্তদের কাছে বিশেষ আবেগের হয়ে উঠতে পারে। কিংবদন্তি শিল্পীর শেষ সুর নিজের সিনেমার অংশ হয়ে থাকায় আবেগাপ্লুত ছবিটির অভিনেতা অংশুমান ঝা। তাঁর ভাষ্য, প্রয়াত সংগীত কিংবদন্তির শেষ সুর তাদের ছবির অংশ হয়ে থাকা নিঃসন্দেহে পরম প্রাপ্তি। এই কাজ এবং এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি তাঁর হৃদয়ের কাছাকাছি থাকবে বলেও জানান তিনি।

আট দশকের দীর্ঘ সংগীতজীবনে আশা ভোঁসলে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনন্য কণ্ঠ ও গায়কির বৈচিত্র্য কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছে। ভারতীয় সংগীতের ইতিহাসে তাঁর অবদানও বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে প্রয়াত হন এই কিংবদন্তি শিল্পী। তাঁর মৃত্যুর পর ভারতীয় সংগীতাঙ্গনে তৈরি হয়েছে গভীর শূন্যতা। তবে জন্মবার্ষিকীর দিনে শেষ রেকর্ড করা গান প্রকাশের মধ্য দিয়ে আবারও শ্রোতাদের কাছে ফিরে আসছে তাঁর পরিচিত কণ্ঠ।

নতুন এই গান তাই শুধু একটি সিনেমার গান নয়, আশা ভোঁসলের দীর্ঘ সংগীতযাত্রার স্মৃতি বহনকারী একটি বিশেষ আয়োজন হিসেবেও শ্রোতাদের কাছে আবেগের হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: