ছবি: সংগৃহীত
সন্ত কবীর ও লালন ফকিরের দর্শন, ভাবধারা এবং সংগীতের নানা দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশের আট বিভাগে শুরু হয়েছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘বিশ্ব লালন সংঘ’ আয়োজিত এই উৎসব চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
গতকাল ঢাকায় উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগে আয়োজন করা হবে কবীর ও লালনের দর্শন, মানবতাবাদী চিন্তা এবং ভাবসংগীতকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ঢাকার পর বরিশাল, খুলনা, শেরপুর, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে উৎসবের বিভিন্ন পর্ব। শেরপুরে আয়োজিত পর্বটি ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করবে।
উৎসবের শেষ পর্ব অনুষ্ঠিত হবে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে। আগামী ৩০ অক্টোবর শ্রীমঙ্গরে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’।
সন্ত কবীর ও লালন ফকির দুজনই তাঁদের দর্শন, মানবতাবাদী চিন্তা এবং সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে সাম্য, সম্প্রীতি ও আত্মঅন্বেষণের বার্তা ছড়িয়ে দিয়েছেন। তাঁদের ভাবধারায় ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে তাঁদের দর্শন ও গান আজও মানুষের মধ্যে গভীরভাবে প্রভাব বিস্তার করে।
দেশের আট বিভাগে এই উৎসব আয়োজনের মধ্য দিয়ে কবীর ও লালনের ভাবধারাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার পাশাপাশি লোকসংগীত ও ভাবসংগীতের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলের শিল্পী ও সংগীতপ্রেমীদের অংশগ্রহণে উৎসবটি সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।