বিরতির পর আবারও জুটি বাঁধছেন অপূর্ব-নীহা

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ AM BST ৭ বার পঠিত
বিরতির পর আবারও জুটি বাঁধছেন অপূর্ব-নীহা

পরিচালক এসআর মজুমদারের সঙ্গে নীহা ও অপূর্ব

জনপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকের পছন্দের জুটি হয়ে উঠেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। ২০২৫ সালের শুরুতে জাকারিয়া সৌখিনের ‘মনদুয়ারী’ নাটক দিয়ে তাঁদের জুটি হিসেবে পথচলা শুরু হয়। এখন পর্যন্ত নাটকটি চার কোটির বেশি ভিউ পেয়েছে। এরপর ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’, ‘অচেনা আমি’সহ একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। জুটি হিসেবে তাঁদের প্রতিটি নাটকই কোটির বেশি দর্শক দেখেছেন।

তবে গত মার্চের পর এই জুটিকে নতুন কোনো নাটকের শুটিংয়ে দেখা যায়নি। জানা গেছে, ঈদুল ফিতরের পর দুজনই পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরিবারকে সময় দিতে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন অপূর্ব। অন্যদিকে নাজনীন নীহাও ছিলেন পারিবারিক ব্যস্ততায়। এর মধ্যে ফেসবুক পোস্টে নিজের ‘এনগেজড’ হওয়ার খবর জানান নীহা। চলতি বছরই তাঁর বিয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে শুটিংয়ে ফিরেছেন অপূর্ব ও নীহা। এসআর মজুমদারের রচনা ও পরিচালনায় নির্মিতব্য নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। আগস্টের শেষ দিকে শুরু হয়েছে শুটিং। সব মিলিয়ে প্রায় ১২ দিন শুটিং করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কক্সবাজারে নাটকটির কিছু অংশের শুটিং শেষ হয়েছে। এবার ঢাকায় শুটিং হবে।

এসআর মজুমদার জানান, অপূর্বের সঙ্গে এটি তাঁর ২৪তম কাজ হলেও অপূর্ব-নীহা জুটিকে নিয়ে এবারই প্রথম কাজ করছেন তিনি। তাঁর ভাষ্য, অপূর্ব অভিনয়ে দক্ষতার পাশাপাশি শুটিংয়ের কাজে নানাভাবে সহযোগিতা করেন। নীহার সঙ্গেও এটিই তাঁর প্রথম কাজ। তাঁর মধ্যে ভালো কিছু করার আগ্রহ রয়েছে বলেও জানান পরিচালক।

নাটকটির গল্প মূলত সময় ও সম্পর্ককে ঘিরে। পরিবারের অন্য সবার মতোই ভুল–বোঝাবুঝি থেকে শুরু হবে মান-অভিমান। দীর্ঘ সময় পর সেই পুরোনো ভুলকে ঘিরেই তৈরি হবে রহস্য। গল্পে সম্পর্কের একটি ভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে অপূর্ব ও নীহাকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের নাটকটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এ ছাড়া এই জনপ্রিয় জুটিকে আরও দুটি নতুন নাটকে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: